
ঢাকা : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অকশন ডিপার্টমেন্টের ম্যানেজার পরিচয়ে প্রতারণার অভিযোগে সিআইডির অভিযানে একজনকে গ্রেফতার করা হয়েছে।
অকশনে কম মূল্যে আইফোনসহ দামি মোবাইল, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক্স পণ্য সরবরাহের প্রলোভন দেখিয়ে প্রায় ৩১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তাকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. ইব্রাহিম হোসেন ওরফে রবিন শিকদার (২৮)।
সিপিসি’র সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস’র একটি চৌকস আভিযানিক দল গতকাল দিবাগত রাতে ডিএমপি’র ভাটারা ও বাড্ডা থানা এলাকায় অভিযান চালিয়ে উত্তর বাড্ডার কমিশনার গলি এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান আজ এ তথ্য নিশ্চিত করেছেন।
সিআইডি জানায়, ভুক্তভোগী ঢাকার একটি বেসরকারি জীবনবীমা প্রতিষ্ঠানে চাকুরিরত। প্রতারক চক্রের সদস্যরা প্রথমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করে। চক্রটি নিজেদেরকে বিমানবন্দরের অকশন ডিপার্টমেন্টের কর্মকর্তা এবং পরবর্তীতে অপারেশন ম্যানেজার হিসেবে পরিচয় দিয়ে ভুক্তভোগীর আস্থা অর্জন করে।
পরে বিমানবন্দরের অকশনে জব্দকৃত বা অব্যবহৃত আইফোন, স্যামসাং মোবাইল, ল্যাপটপ এবং বিভিন্ন মূল্যবান ইলেকট্রনিক্স পণ্য বাজারমূল্যের তুলনায় অত্যন্ত কম দামে বিক্রির প্রলোভন দেখায়।
চক্রটি ভুক্তভোগীকে ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসায় যুক্ত হওয়ার প্রস্তাব দেয় এবং ব্যবসার বৈধতা প্রমাণের জন্য বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নামে জাল অনুমোদনপত্র, কথিত সরকারি নথি, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (সিএএবি)-এর ভুয়া ডকুমেন্ট, পুলিশ ক্লিয়ারেন্সসহ বিভিন্ন জাল কাগজপত্র সরবরাহ করে। এসব নথি দেখে ভুক্তভোগী প্রতারকদের কথায় বিশ্বাস স্থাপন করে বিনিয়োগ করতে আগ্রহী হয়।
এরপর তার কাছ থেকে ১১০টি আইফোন, ৭০টি স্যামসাং মোবাইল এবং ৫৪৩টি ল্যাপটপ সরবরাহের কথা বলে বিভিন্ন ধাপে দু’টি ব্যাংক হিসাব ও তিনটি এমএফএস অ্যাকাউন্টে মোট প্রায় ৩০ লাখ ৮৭ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি।
টাকা গ্রহণের পর তারা কোনো পণ্য সরবরাহ না করে বিভিন্ন অজুহাত দিতে থাকে এবং একপর্যায়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।তখন ভুক্তভোগী ডিএমপি’র পল্টন থানায় মামলা করে।
গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে অপরাধ সংঘটনে ব্যবহৃত আইফোনসহ পাঁচটি মোবাইল ফোন ও সাতটি সিম জব্দ করা হয়।
গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান। বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করছে সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।, ৭ জুলাই, ২০২৬ (বাসস)
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৪:৫০ |
| সূর্যোদয় | ভোর ৬:১৭ |
| যোহর | দুপুর ১:০৩ |
| আছর | বিকাল ৪:২২ |
| মাগরিব | সন্ধ্যা ৭:৪৯ |
| এশা | রাত ৯:১৬ |