
সরকারের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নে মাদ্রাসা শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের উপযোগী দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে আগামী জানুয়ারির মধ্যে ভাষা শিক্ষা ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) প্রশিক্ষণ কোর্স চালু করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।
রবিবার (৮ নভেম্বর ২০২৬) রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘দক্ষতাভিত্তিক মাদ্রাসা শিক্ষা ও কর্মসংস্থান: আগামীর বাংলাদেশ বিনির্মাণে সরকারের ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. মামুন বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষ মানবসম্পদ তৈরীতে গুরুত্ব দিয়েছেন। এজন্য শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথেষ্ট নয়; শিক্ষার্থীদের কর্মজীবনে প্রবেশের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে হবে। বিশেষ করে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ভাষা শিক্ষা ও আইসিটি প্রশিক্ষণের সুযোগ তৈরি করা জরুরি। এর মাধ্যমে তাঁরা দেশীয় ও আন্তর্জাতিক কর্মবাজারে নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের নতুন সুযোগ গ্রহণ করতে পারবেন। এ লক্ষ্য সামনে রেখে আগামী জানুয়ারির মধ্যে ভাষা শিক্ষা ও আইসিটি প্রশিক্ষণ কোর্স চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, মাদ্রাসা শিক্ষাকে সময়োপযোগী ও কর্মমুখী করার জন্য প্রচলিত শিক্ষার পাশাপাশি দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান, যোগাযোগের সক্ষমতা এবং বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে হবে। এতে মাদ্রাসা শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে কর্মসংস্থানের পাশাপাশি উদ্যোক্তা হিসেবেও গড়ে ওঠার সুযোগ পাবেন।
তিনি জানান, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে দেশের আটটি বিভাগে আটটি প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করে এসব কোর্স পরিচালনা করা হবে। ফলে দেশের বিভিন্ন অঞ্চলের মাদ্রাসার শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগে স্থাপিত প্রশিক্ষণকেন্দ্র থেকে ভাষা শিক্ষা ও আইসিটি প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। এর মাধ্যমে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য দক্ষতা উন্নয়নের সুযোগ আরও সহজলভ্য ও বিস্তৃত হবে।
তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে সব ধারার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমানভাবে দক্ষ করে গড়ে তুলতে হবে। শিক্ষা ও কর্মসংস্থানের মধ্যে কার্যকর সংযোগ তৈরি করা গেলে শিক্ষার্থীরা শুধু চাকরিপ্রার্থী নয়, বরং দক্ষ জনশক্তি ও উদ্যোক্তা হিসেবে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবেন। এ ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্যও আধুনিক প্রযুক্তি ও পেশাগত দক্ষতা অর্জনের সুযোগ সম্প্রসারণ করা প্রয়োজন।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের লক্ষ্য একটি জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তোলা। এ লক্ষ্য অর্জনে অনান্য পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (ICT), সাইবার নিরাপত্তা, রোবোটিকস, অটোমেশন এবং ডেটা সায়েন্সের মতো আধুনিক প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ তৈরি করতে হবে। একই সঙ্গে গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দেশীয় সমস্যার প্রযুক্তিনির্ভর সমাধান বের করতে হবে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. আসলাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব শাহীনুল ইসলাম এবং কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রব্বানী।
সেমিনারে সভাপতিত্ব করেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান। এতে রংপুর বিভাগের বিভিন্ন ফাজিল ও কামিল মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
সেমিনারে দক্ষতাভিত্তিক মাদ্রাসা শিক্ষা, শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং আধুনিক বিশ্বের চাহিদা অনুযায়ী ভাষা ও প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৫১ |
| সূর্যোদয় | ভোর ৭:০৮ |
| যোহর | দুপুর ১২:৪২ |
| আছর | বিকাল ৩:৫৩ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১৬ |
| এশা | রাত ৭:৩৩ |