
নানা নাটকীয়তা, স্বপ্নভঙ্গের অবসান ঘটিয়ে ৪৮ দলের বিশ্বকাপ এখন রূপ নিয়েছে ৮ দলের লড়াইয়ে। শেষ ষোলোর বৈতরণী পার হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে- মরক্কো, ফ্রান্স, নরওয়ে, ইংল্যান্ড, স্পেন, বেলজিয়াম, আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। অন্যদিকে, বিদায় নিয়েছে তিন সহ-আয়োজক কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোসহ ব্রাজিল, পর্তুগাল ও মিশরের মতো দলগুলো।
শেষ ষোলোতে সবচেয়ে বেশি নাটকীয়তা ও বিতর্ক দেখা গেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ম্যাচে। মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানের অবিশ্বাস্য জয়ে কোয়ার্টারে ওঠে লিওনেল স্কালোনির দল। তবে ম্যাচটিতে একটি গোল বাতিল এবং আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে ফাউলের অভিযোগ তোলে পুরো মিশর শিবির। ম্যাচের পর রেফারি ও ফিফার বিরুদ্ধে পক্ষপাতের তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছে ফারাওরা। শেষ আটে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে সুইজারল্যান্ড। কলম্বিয়ার বিপক্ষে ১২০ মিনিটের নিষ্প্রাণ ম্যাচ শেষে টাইব্রেকারে ৪-৩ গোলের জয়ে ৭২ বছর পর কোয়ার্টারের টিকিট পেয়েছে সুইসরা।
ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন স্পেনও নিজেদের শক্তির জানান দিয়েছে। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে তারা। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম। স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে এই পর্বে এসেছে তারা। অন্যদিকে, শেষ দুই আসরের ফাইনালিস্ট ফ্রান্স প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে সহজেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে। শেষ আটে কিলিয়ান এমবাপ্পেদের প্রতিপক্ষ আফ্রিকার স্বপ্ন বাঁচিয়ে রাখা মরক্কো। আরেক সহ-আয়োজক কানাডাকে ৩-০ গোলে বিধ্বস্ত করে বিদায় করেছে ব্রাহিম দিয়াজরা। কোয়ার্টারে ওঠার জন্য হ্যারি কেইনের ইংল্যান্ডকে অবশ্য বেশ লড়াই করতে হয়েছে। মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করা থ্রি-লায়ন্সদের মুখোমুখি হচ্ছে এই বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের জন্ম দেয়া নরওয়ে। আর্লিং ব্রুট হালান্দের দুর্দান্ত জোড়া গোলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ ব্যবধানে স্তব্ধ করে দিয়ে শেষ আটে পা রেখেছে নরওয়েজিয়ানরা।
এক নজরে কোয়ার্টার ফাইনাল সূচি
সময় ম্যাচ ভেন্যু
জুলাই ৯, রাত ২টা ফ্রান্স-মরক্কো জিলেট স্টেডিয়াম
জুলাই ১০, রাত ১টা স্পেন-বেলজিয়াম সোফি স্টেডিয়াম
জুলাই ১১, রাত ৩টা নরওয়ে-ইংল্যান্ড হার্ড রক স্টেডিয়াম
জুলাই ১২, সকাল ৭টা আর্জেন্টিনা-সুইজারল্যান্ড অ্যারোহেড স্টেডিয়াম
বুধবার, ৮ জুলাই, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৪:৫১ |
| সূর্যোদয় | ভোর ৬:১৮ |
| যোহর | দুপুর ১:০৩ |
| আছর | বিকাল ৪:২৩ |
| মাগরিব | সন্ধ্যা ৭:৪৯ |
| এশা | রাত ৯:১৬ |