
বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের জয় উদ্যাপনকে কেন্দ্র করে রাজধানীর আদাবর এলাকায় বিএনপি নেতা আবুল বাশার (৪৫)কে কুপিয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজন ১০ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার ও শুক্রবার রাজধানীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-কমিশনার মো. জুয়েল রানা বলেন, বৃহস্পতিবার বিকালে আদাবরের নবোদয় হাউজিং থেকে তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন- শোয়েব, আরমান ও নয়ন। স্বজনরা আবুল বাশারের মরদেহ গ্রামের বাড়িতে দাফন করতে গেছেন। সেখান থেকে ফিরে তারা আদাবর থানায় হত্যা মামলা করবেন। সেই মামলায় আটক তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া, মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এ হত্যার ঘটনায় চারজন ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) তিনজনকে আটক করার কথা জানিয়েছে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের খেলা দেখা ও জয় উদ্যাপনকে কেন্দ্র করে দ্বন্দ্বের সূত্রপাত হয়। জাপানের বিপক্ষে ব্রাজিলের জয়ের পর স্থানীয় কয়েকজন কিশোর ঢোল ও বাঁশি বাজিয়ে আনন্দ করছিল। এ সময় হাবিব নামের এক ব্যক্তি নীরব নামের এক যুবককে মারধর করেন। পুলিশ কর্মকর্তারা বলছেন, ওই ঘটনার জেরে পরদিন আদাবর ইউনিট বিএনপি’র সভাপতি সাদ্দাম হোসেন (৩৫) নবোদয় হাউজিং বাজার এলাকায় গিয়ে নীরবকে আবার মারধর করেন। তার বিরুদ্ধে নীরবকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। পরে স্থানীয় বিএনপি নেতারা বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন।
গত বুধবার রাতে নবোদয় কাঁচাবাজারে হাবিবের কার্যালয়ে সালিশ বসে। সালিশ শেষে সাদ্দাম ও তার সমর্থকরা নীরব ও তার বড় ভাই রিপনের ওপর হামলার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে মো. সাদ্দাম ও আদাবর ইউনিট বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল বাশার (বাদশাহ) আহত হন। আহত দু’জনকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দিবাগত রাত পৌনে ১২টার দিকে চিকিৎসক বাশারকে মৃত ঘোষণা করেন। সাদ্দাম হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানিয়েছে, বুধবারের হামলার ঘটনার আগেই সাদ্দাম আদাবর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছিলেন। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট সবার ভূমিকা যাচাই করে দেখা হচ্ছে। স্বজনরা জানান, আবুল বাশার পেশায় একজন প্রাইভেটকারের চালক ছিলেন। তিনি আদাবরের নবোদয় হাউজিং ইউনিট বিএনপি’র সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন। তার বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলায়। তিনি আদাবর বি ব্লকে পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৪:৪৮ |
| সূর্যোদয় | ভোর ৬:১৬ |
| যোহর | দুপুর ১:০৩ |
| আছর | বিকাল ৪:২১ |
| মাগরিব | সন্ধ্যা ৭:৫০ |
| এশা | রাত ৯:১৭ |