
রাজশাহী; ০৯ কার্তিক (২৪ নভেম্বর) : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, জ্বালানি সংকট মোকাবিলা, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালীকরণ এবং পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়াতে সারা দেশে বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণ কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে চলমান প্রকল্পের আওতায় নতুন করে আরও ২৫ হাজার বায়োগ্যাস সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণে উদ্যোক্তাদের ঋণসুবিধা বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজশাহীর পবা উপজেলার বিরস্তইল ব্র্যাক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তিনির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (ইমপ্যাক্ট) প্রকল্পের আওতায় স্থাপিত বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন ও সুবিধাভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তর।
প্রতিমন্ত্রী বলেন, দেশের গ্রামাঞ্চলে গরু এবং হাঁস-মুরগির খামারের বর্জ্য ব্যবহার করে সহজেই বায়োগ্যাস উৎপাদন করা সম্ভব। মাত্র তিনটি গরু থাকলেও একটি বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা যায়। এ প্ল্যান্ট নির্মাণে যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ, কারিগরি সহায়তা ও ঋণ প্রদান করবে। বর্তমানে এক থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ প্রদানের পাশাপাশি ঋণের পরিমাণ ১০ লাখ টাকার বেশি করার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে রান্নার জ্বালানির চাহিদা পূরণের পাশাপাশি জৈব সার উৎপাদন করা সম্ভব। এ জৈব সার কৃষিজমির উর্বরতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে জৈব সার বিক্রির মাধ্যমে উদ্যোক্তারা বাড়তি আয় করতে পারবেন। বায়োগ্যাস ব্যবহারে পরিবেশদূষণ ও দুর্গন্ধ কমবে এবং গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।
তিনি জানান, রাজশাহী জেলার নয়টি উপজেলা ও মহানগর এলাকায় ইতোমধ্যে ২৬৯টি বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণ করা হয়েছে। প্রতিটি গ্রাম ও এলাকায় বায়োগ্যাস কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে ৩০টি সংযোগ স্থাপন করা হলে, সংশ্লিষ্ট এলাকাকে ‘বায়োগ্যাস পল্লি’ হিসেবে ঘোষণা করার পরিকল্পনা রয়েছে।
প্রতিমন্ত্রী বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণে খামারি ও উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এ লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়মিত মাঠপর্যায়ে গিয়ে জনগণকে উদ্বুদ্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, উপজেলা নির্বাহী অফিসার মো. ইবনুল আবেদীন, ইমপ্যাক্ট প্রকল্পের সহকারী প্রকৌশলী মো. মাহফুজুল ইসলাম প্রমুখ। অন্যান্যের মধ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।প্রেস রিলিজ
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৬:০০ |
| সূর্যোদয় | ভোর ৭:১৯ |
| যোহর | দুপুর ১২:৪৫ |
| আছর | বিকাল ৩:৫০ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১১ |
| এশা | রাত ৭:৩০ |