
রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর দেয়া বক্তব্যের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-সাউথ) মো. তোফায়েল আহমেদ মিয়া। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘বিস্ফোরক দ্রব্য ও মুখোশ উদ্ধার সংক্রান্ত’ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি রাজধানীতে একটি প্রতিবাদ মিছিল শেষে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, সরকার তাদের প্রধান তিনটি দাবি মেনে নিলে ঢাকা শহরে আর কোনো ধরনের ককটেল বিস্ফোরণ ঘটবে না। তার এ বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ডিএমপির যুগ্ম কমিশনার বলেন, তাহলে তাকেই জিজ্ঞাসা করতে হবে, সে এই বক্তব্য কেন দিল। অবশ্যই আমার মনে হয়, তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত। তা না হলে সে এই কথা বলল কেন?
নাসীরুদ্দীন পাটোয়ারীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারে কি না- এমন প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা বলতে পারবেন।
সংবাদ সম্মেলনে ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম , বিষ্ফোরক দ্রব্যসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান পরিচালনা করে বিস্ফোরক দ্রব্য ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং অসৎ উদ্দেশ্যে প্রস্তুতকৃত ৯ হাজার পিস কাগজের মুখোশসহ জাহিদ হাসান ইমন (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে শ্যামপুর মডেল থানা পুলিশ। গত ১৯ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা তদন্তের একপর্যায়ে ইমনের সংশ্লিষ্টতার ‘তথ্য ও সাক্ষ্য-প্রমাণ’ পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় শুক্রবার ভোররাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বাগাশুর এলাকা থেকে জাহিদ হাসান ইমনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ককটেল তৈরিতে ব্যবহৃত দেড় কেজি কস্টিক সোডা, দেড় কেজি সালফার, ককটেল তৈরিতে ব্যবহৃত পাঁচ কেজি মারবেল, ২ ইঞ্চি তারকাঁটা ২ কেজি, ককটেল মোড়ানোর কাজে ব্যবহৃত ২০টি লাল টেপ ও ১১টি কালো টেপ এবং কাগজের তৈরি মোট নয় হাজার মুখোশ উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে তোফায়েল আহমেদ বলেন, জাহিদ হাসান ইমন স্বীকার করেছেন, লালবাগের এক নেতার মাধ্যমে এক ভ্যানচালকের সাহায্যে মুখোশগুলো তার কাছে পাঠানো হয়। পরে বিভিন্ন নেতা-কর্মীর মধ্যে বিতরণের উদ্দেশ্যে সেগুলো তার বাসায় সংরক্ষণ করা হয়েছিল। ইমনের বিরুদ্ধে ডিএমপির শাহবাগ ও লালবাগ থানায় দুটি মামলা রয়েছে বলে জানান তিনি।
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৩৩ |
| সূর্যোদয় | ভোর ৬:৪৮ |
| যোহর | দুপুর ১২:৫০ |
| আছর | বিকাল ৪:১৫ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৫২ |
| এশা | রাত ৮:০৭ |