
সাম্প্রতিক বিভিন্ন নাশকতা ও সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে ২৮ নভেম্বর ২০২৬ (শনিবার) সকালে রাজধানীর রাজারবাগস্থ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মনজুর মোর্শেদ চৌধুরী এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ জনাব মোঃ আলী হোসেন ফকির বিপিএম। এ সময় হাসপাতালের পরিচালক (ডিআইজি) জনাব মোহাম্মদ মুসলিম এবং অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের শয্যাপাশে যান, তাদের সঙ্গে কথা বলেন এবং শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তিনি আহতদের সর্বোচ্চ ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি তাদের দায়িত্ববোধের প্রশংসা করেন এবং বীরত্বপূর্ণ ভূমিকার জন্য পুলিশ পদকসহ অন্যান্য পুরস্কার প্রদানের ঘোষণা দেন।
পরে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক নাশকতায় পুলিশ, র্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার ব্যাটালিয়নের বেশ কয়েকজন সদস্য আহত ও গুরুতর আহত হয়েছেন। কারো মাথায় আঘাত রয়েছে, আবার কারো হাড় ভেঙে গেছে। ইতোমধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন, তবে বেশ কিছু সদস্যকে দীর্ঘমেয়াদী ও বিশেষায়িত চিকিৎসা নিতে হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারত্ব ও ধৈর্যের প্রশংসা করে মন্ত্রী বলেন, চাকরিতে নিয়োগের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রাণের বিনিময়ে হলেও জনগণের জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার শপথ নেন। সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিজেরা গুরুতর আহত হওয়া সত্ত্বেও অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং কোনো শ্রমিকের গায়ে হাত তোলেননি। ফলে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি, যা দেশে-বিদেশে সর্বত্র প্রশংসিত হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বদা প্রস্তুত রয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সহিংসতায় আহত যে ৮ পুলিশ সদস্য বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা হলেন, দেবব্রত কুমার বিশ্বাস, মো. রুহুল্লাহ, মো. হাসিবুল, ফরিদ আহমেদ, মঞ্জুরুল ইসলাম,হযরত বেল্লাল, মো. আবু আলম ও মো. রাকিবুল ইসলাম।
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৬:০২ |
| সূর্যোদয় | ভোর ৭:২২ |
| যোহর | দুপুর ১২:৪৬ |
| আছর | বিকাল ৩:৫০ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১১ |
| এশা | রাত ৭:৩০ |