
রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমনের বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে বরগুনা-২ আসনের সাবেক এই সংসদ সদস্যের ওই বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের তথ্য দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।
তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা ওই বাসায় কী কারণে অবস্থান করছিলেন এবং সেখানে কোনো সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
তাদের পরিচয় ও তারা ছাত্রলীগের কোন পর্যায়ের নেতাকর্মী তা তাৎক্ষণিকভাবে বলেনি পুলিশ।
ওই সময় সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা রিমন বাসায় ছিলেন না।
রিমন ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
এদিকে উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) রেজাউল করিম সাংবাদিকদের বলেছেন , ‘সাবেক সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমনের উত্তরার বাসায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়েছে, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ১৫ জনকে আটক করা হয়।’
পুলিশ সূত্রে জানা গেছে, পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ওই বাসায় কেক কাটার আয়োজন করা হয়েছিল। এ উপলক্ষে ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়েছিলেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
ডিসি রেজাউল করিম জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় এবং তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি পুলিশ।
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৩৪ |
| সূর্যোদয় | ভোর ৬:৪৯ |
| যোহর | দুপুর ১২:৪৯ |
| আছর | বিকাল ৪:১৪ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৪৯ |
| এশা | রাত ৮:০৪ |