আজ বৃহস্পতিবার | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ |১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ৩:০১

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় অন্তত চার বাংলাদেশি আহত হয়েছেন।
আজ বুধবার কুয়েতে বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।এতে বলা হয়েছে, আহত বাংলাদেশিদের ফারওয়ানিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। দূতাবাস কর্তৃপক্ষ নিয়মিত তাদের খোঁজ নিচ্ছে।
বিবৃতিতে কুয়েতে বসবাসরত সব বাংলাদেশিকে দুর্ঘটনাস্থলের ছবি বা ভিডিও ধারণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে রকেট বা ড্রোন হামলা এবং সেগুলো প্রতিহত করার দৃশ্য ধারণ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
একইসঙ্গে ওইসব ভিডিও বা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট না করতেও বলা হয়েছে। কুয়েতের আইন অনুযায়ী, এটি দণ্ডনীয় অপরাধ।
এ ছাড়া বিবৃতিতে কুয়েতের সেন্ট্রাল ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দিয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
এ পরিস্থিতিতে কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা রক্তদানে সক্ষম, তাদের জরুরি ভিত্তিতে সেন্ট্রাল ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। অন্যদেরও রক্তদানে উৎসাহিত করার আহ্বান জানিয়েছে দূতাবাস।
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ওই হামলায় এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এ ছাড়া ৬০ জনের বেশি আহত হয়েছেন, যাদের অধিকাংশ কুয়েত সিটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের আগ্রাসনের ফলে কুয়েতের হাসপাতালগুলোতে ৬৩ জন রোগী ভর্তি করা হয়েছে এবং তাদের মধ্যে কয়েকজনের ওপর সাতটি বড় অস্ত্রোপচার করা হয়েছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র ড. আবদুল্লাহ আল-সানাদ বলেন, আহতদের মধ্যে বেসামরিক নাগরিক, বিমানবন্দরের কর্মী এবং যাত্রীরা রয়েছেন, যারা মাঝারি থেকে গুরুতর আঘাত পেয়েছেন এবং তাদের তাৎক্ষণিক অস্ত্রোপচারের প্রয়োজন ছিল।
তিনি বলেন, ধ্বংসাবশেষ ও বিস্ফোরণের ফলে সৃষ্ট আঘাতগুলোর মধ্যে রয়েছে হাড় ভাঙা, মাথায় আঘাত, মস্তিষ্কে রক্তক্ষরণ, অঙ্গহানি, ধোঁয়া শ্বাসের সাথে গ্রহণ এবং অন্যান্য আঘাত যার জন্য জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন ছিল।
বুধবার, ৩ জুন, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৪:৪৫ |
| সূর্যোদয় | ভোর ৬:১১ |
| যোহর | দুপুর ১২:৫৭ |
| আছর | বিকাল ৪:১৬ |
| মাগরিব | সন্ধ্যা ৭:৪২ |
| এশা | রাত ৯:০৯ |