
খাগড়াছড়ি, ২৮ নভেম্বর, ২০২৬: পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে পাহাড়ের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু, এমপি। একই সঙ্গে তিনি স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পাহাড়ে কোনো ধরনের নৈরাজ্য বা সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।
গতকাল রাতে খাগড়াছড়ি শহরের টাউন হলের সামনে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী সাচিং প্রু এসব কথা বলেন। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস ও সহিংসতার প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী সাচিং প্রু আরও বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে পাহাড়ের শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। যেকোনো অপতৎপরতা মোকাবিলায় সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
দেশের বর্তমান অর্থনৈতিক ও উন্নয়ন প্রেক্ষাপট তুলে ধরে পার্বত্য মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান এক বিশাল ঋণের বোঝা মাথায় নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন। আমাদের সরকারকে প্রতি মাসে প্রায় ৫০ হাজার কোটি টাকার ঋণ পরিশোধ করতে হচ্ছে। এই কঠিন বাস্তবতার মধ্যেও প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণের মতো জনকল্যাণমূলক ও দূরদর্শী উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছেন।”
পার্বত্য অঞ্চলের ক্রীড়া ও সাংস্কৃতিক বিকাশে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে সাচিং প্রু বলেন, “পাহাড়ের মেধাবী ও কৃতি খেলোয়াড়দের খুঁজে বের করতে আমরা বিশেষ উদ্যোগ নিচ্ছি। আগামী জানুয়ারিতে প্রাথমিক, জুনিয়র হাই স্কুল এবং হাই স্কুল পর্যায়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে তৃণমূল থেকে নতুন প্রতিভা উঠে আসবে। আমাদের পার্বত্য অঞ্চল থেকে ইতোমধ্যে বেশ কয়েকজন নারী খেলোয়াড় জাতীয় পর্যায়ে সাফল্য দেখিয়েছেন। সুযোগ-সুবিধা আরও উন্মুক্ত করা হলে এই অঞ্চল থেকে আরও অনেক প্রতিভাবান খেলোয়াড় বেরিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি।”
সমাবেশে সভাপতির বক্তব্যে খাগড়াছড়ির সংসদ সদস্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূইয়া বলেন, বিএনপি কখনোই স্বৈরাচারী আওয়ামী লীগের মতো নিপীড়ক রাজনীতির পথে হাঁটবে না। মানুষের ওপর জুলুম, নির্যাতন কিংবা হত্যার রাজনীতি বিএনপি সমর্থন করে না। তিনি বিগত সরকারের সমালোচনা করে বলেন, জুলাই গণ-অভ্যুত্থান দমনে শেখ হাসিনার সরকার অন্তত ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করেছে এবং ২৫ হাজার মানুষকে পঙ্গু করে দিয়েছে। অথচ সাম্প্রতিক সময়ে গোলাপগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা নৈরাজ্য সৃষ্টি করে পুলিশ ও বিজিবির ওপর হামলা চালালেও কোনো প্রাণঘাতী ঘটনা ঘটেনি বা কাউকে গুলি করা হয়নি।
বিশেষ অতিথির বক্তব্যে রাঙামাটির সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান পাহাড়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সব সম্প্রদায়ের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কোনো অপশক্তি যেন মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এর আগে সন্ধ্যা ৬টায় টাউন হলের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হল চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে আরও বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, অনিমেষ চাকমা রিঙ্কু এবং আব্দুর রউফ রাজা। কর্মসূচিতে খাগড়াছড়ির বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৬:০২ |
| সূর্যোদয় | ভোর ৭:২২ |
| যোহর | দুপুর ১২:৪৬ |
| আছর | বিকাল ৩:৫০ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১১ |
| এশা | রাত ৭:৩০ |