
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ঃ ঢাকার সাভারে এক বৃদ্ধ অটোরিকশাচালককে মারধরের প্রতিবাদ করায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের ছেলে গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার প্রকৃত কারণ এবং জড়িতদের বিষয়ে তদন্ত করছে পুলিশ।
রোববার সকালে এবিষয়ে নিশ্চিত করেন সাভার মডেল থানার ওসি। এরআগে, শনিবার রাত ১১টার দিকে সাভারের আমিনবাজারের বরদেশী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. আলতাফ হোসেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল ব্রাঞ্চে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।
তিনি পরিবার নিয়ে বরদেশী এলাকায় ভাড়া বাসায় থাকতেন। পাশাপাশি ওই এলাকায় নিজের পাঁচ শতাংশ জমিতে টিনশেডের একটি কারখানায় মিনি গার্মেন্টস পরিচালনা করতেন।
পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার রাতে কারখানার কাছেই ভাড়া বাসায় ফিরছিলেন এসআই আলতাফ হোসেন। পথে তিনি একটি প্রাইভেটকারে থাকা কয়েকজন যুবক এক বৃদ্ধ অটোরিকশাচালককে মারধর করতে দেখেন। এ সময় তিনি এর প্রতিবাদ করলে ওই যুবকেরা তাকেও মারধর করেন। একপর্যায়ে প্রাণ বাঁচাতে আলতাফ হোসেন নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে দৌড়ে নিজের কারখানার ভেতরে ঢুকে পড়েন। পরে অভিযুক্তরা আরও ১৫ থেকে ২০ জনকে ডেকে এনে কারখানায় হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
হামলাকারীরা কারখানায় ঢুকে মেশিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসপত্র ভাঙচুর করে। এ সময় তারা আলতাফ হোসেন ও তার ছেলে মো. আরিফকে এলোপাতাড়ি মারধর করে চলে যায়। পরে প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় বাবা-ছেলেকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক এসআই আলতাফ হোসেনকে মৃত বলে ঘোষণা করেন। তার ছেলে আরিফ গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
সাভার মডেল থানার ওসি মো. সাইফুল আলম বলেন, আমিনবাজার এলাকায় এক এসবি সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:২৫ |
| সূর্যোদয় | ভোর ৬:৪২ |
| যোহর | দুপুর ১২:৫৭ |
| আছর | বিকাল ৪:২৪ |
| মাগরিব | সন্ধ্যা ৭:১২ |
| এশা | রাত ৮:২৮ |