
সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:টাঙ্গাইলের সখিপুরে প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে নির্মিত সখিপুর মিনি স্টেডিয়ামে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ মন্ত্রী এড. আহমেদ আযম খান স্টেডিয়াম পরিদর্শন করে ব্যপক ক্ষোভ প্রকাশ করেছেন এবং ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজের বিল না দেওয়ার জন্য অনুরোধ করেছেন। ফলে স্টেডিয়াম নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান টেকনিফ কর্পোরেশন প্রায় চার মাস আগে শতভাগ নির্মাণ কাজ শেষ করলেও এখনো হস্তান্তর করতে পারেনি। আটকে আছে উদ্বোধন। জানাযায়, টাঙ্গাইলের সখিপুর উপজেলার শোলাপ্রতিমা বাজারের কাছে সাড়ে তিন একর জমির উপর শেখ রাসেল মিনি স্টেডিয়াম নামে ২০২৩ সালের ৪ এপ্রিল তৎকালীন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম স্টেডিয়ামটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। স্টেডিয়ামের নির্মাণ কাজের দায়িত্ব পায় ঢাকার মজুমদার ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এবং প্রকল্পটি বাস্তবায়ন করছে জাতীয় ক্রীড়া পরিষদ। ২০২৪ সালের জুলাই বিপ্লবের আগ পর্যন্ত স্টেডিয়ামের প্রায় ৩০ ভাগ কাজ সম্পন্ন করে এবং ঠিকাদারি প্রতিষ্ঠানটি প্রায় ৭৩ লক্ষ টাকা কাজের অতিরিক্ত বিল তুলে নেয়। ৫ ই আগস্ট এর বিপ্লবের পর নির্মাণ কাজ ফেলে রেখে পালিয়ে যায় ওই ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে অনিশ্চিত হয়ে পরে স্টেডিয়ামের নির্মান কাজ। পরে জাতীয় ক্রীড়া পরিষদ বাকী কাজ শেষ করার দায়িত্ব দেয় ঢাকার টেকনিফ কর্পোরেশন নামের একটি প্রতিষ্ঠানকে আর নাম পরিবর্তন করে রাখা হয় সখিপুর মিনি স্টেডিয়াম। কিন্তু নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও অপরিকল্পিতভাবে স্টেডিয়ামটি নির্মিত হয়েছে বলে অভিযোগ উঠে।
সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলার শোলা প্রতিমা বাজারের কাছে গোড়াই -সখিপুর সড়কের পশ্চিম পাশে পূর্ব-পশ্চিম দৈর্ঘ্যে স্টেডিয়াম টি নির্মাণ করা হয়েছে। কিন্তু বাংলাদেশে যেকোন স্টেডিয়াম নির্মাণ করার ক্ষেত্রে সূর্যের আলো বিবেচনায় স্টেডিয়াম উত্তর-দক্ষিনে দৈর্ঘ্যে নির্মাণ করা প্রথম বিবেচনায় নেওয়া হয়। কারণ মাঠ পূর্ব-পশ্চিমে হলে বিকেলে খেলা চলাকালীন এক পক্ষের দলের খেলোয়ারদের জন্য সূর্যের আলো বিঘ্ন সৃষ্টি করতে পারে। এরপর গোলবারের উচ্চতা সাধারণত আট ফিট থাকার কথা থাকলেও পরিমাপ করে দেখা যায় তা রয়েছে সাড়ে সাত ফিট । স্টেডিয়ামটির দক্ষিন পশ্চিম কোনে নবনির্মিত ওয়াশব্লকে এবং পশ্চিম পাশের গ্যালারির পাশে গভীর গর্ত করে মাটি কেটে মাঠে ফেলা হয়েছে এবং ওই স্থানে বাঁশের খুটি ও চাটাই দিয়ে খুটিতে রশি দিয়ে বেঁধে মাটি আটকে রাখার চেষ্টা করা হয়েছে।
মাঠের পশ্চিম ও দক্ষিণ পাশে সীমানার ভেতর থেকে মাটি কেটে মাঠ ভরাট করায় এবং উত্তর পাশে আবাদি জমি থাকায় এই তিন পাশ স্টেডিয়ামের মাঠের থেকে প্রায় ১৫ থেকে ২০ ফিট গভীর তাছাড়া নেই কোন গাইড ওয়াল। ফলে যে কোন সময় ধসে পড়তে পারে নবনির্মিত ওয়াশ ব্লক ও পশ্চিম পাশের গ্যালারি এবং ধসে পড়তে পারে মূল মাঠের উত্তরের অংশ। তাছাড়া দক্ষিণ পাশের দুটি গ্যালারি ও প্যাভিলিয়ন পরিকল্পিতভাবে করা হয়নি বলে অভিযোগ রয়েছে। গ্যালারি ঘুরে দেখা যায় গ্যালারির প্যাভিলিয়ন সংযুক্ত দুটি অংশ থেকে মূল মাঠের এক চতুর্থাংশ এবং গোলবার দেখা যায় না ফলে এটি খেলা উপভোগের বিঘ্ন সৃষ্টি করবে। সেক্ষেত্রে প্যাভিলিয়নটি একটু পেছনে অথবা গ্যালারি দুটি আরেকটু সামনে হলে ভালো হতো বলে মনে করেন ক্রীড়া সংশ্লিষ্টরা এবং মাঠে বালি বা দু’আশ মাটির ব্যবহার না করে এঁটেল মাটি ব্যবহার করা হয়েছে এবং বালি ব্যবহার করা হয়েছে সামান্য পরিমাণ এতে এঁটেল মাটি শুকিয়ে প্রচন্ড শক্ত হয়ে গেলে মাঠ খেলার অনুপযুক্ত হয়ে পড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে সখিপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর অনিয়মের বিষয়ে অভিযোগ করা হলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল আলম সরেজমিন তদন্ত করে অনিয়মের সত্যতা পেয়ে জাতীয় ক্রীড়া পরিষদকে লিখিতভাবে প্রতিবেদন দাখিল করেছেন এবং এর প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদের হস্তক্ষেপে কিছু কাজ ঠিকাদারি প্রতিষ্ঠান করেছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল আলম।
এদিকে সখিপুরের ক্রীড়াঙ্গনের জন্য দীর্ঘ প্রতীক্ষিত স্টেডিয়াম টি নির্মাণ হলে খেলোয়াররা ব্যাপক উপকৃত হবে। তৈরি হবে নতুন নতুন খেলোয়ার সে লক্ষে স্টেডিয়ামটি দ্রুত খুলে দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সখিপুরে মিনি স্টেডিয়াম নির্মাণের বিষয়ে সখিপুরের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক রাসেল মাহমুদ লিটন বলেন, বর্তমান যুবসমাজকে নেশার ছোবল থেকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। মাঠটি যেন খেলোয়ারদের জন্য উন্মুক্ত থাকে এবং আমরা স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারি এবং খেলোয়ার তৈরিতে ও খেলার মান উন্নয়নে নিয়মিত ক্যাম্প ও বিভিন্ন ইভেন্টের আয়োজন করার দাবি জানাই।
সখিপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাবেক ফুটবলার মিজানুর রহমান ডালিম স্টেডিয়াম নির্মাণের ত্রুটির অভিযোগ করে বলেন, স্টেডিয়ামের গ্যালারিতে বসে পুরো মাঠে খেলা দেখা যায় না মাটি সমতল নয় অনেক জায়গায় উঁচু-নিচু যা খেলার অনুপযোগী এবং গোলবারের আদর্শ মাপ উচ্চতা ৮ ফিট থাকার কথা থাকলেও আছে সাড়ে সাত ফিট যা একটি মাঠের জন্য চরম রকমের ত্রুটি। আমার ধারণা এটি অপরিকল্পিতভাবে অদক্ষ লোক দিয়ে নির্মাণ করা হয়েছে।
সখিপুরের আরেক কৃতি সন্তান বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক স্ট্রাইকার ও আবাহনী ফুটবল দলের সহকারী কোচ মামুন মিয়া বলেন, আমার দৃষ্টিকোণ থেকে সখিপুরবাসীর জন্য এটি অনেক বড় পাওয়া, ভালো খেলোয়াড় তৈরি করতে ভালো মাঠের বিকল্প নেই। আমি বলব শুধু স্টেডিয়াম তৈরি করলে হবে না এটা যথাযথভাবে ব্যবহার করতে হবে, এটা শুধু মূর্তির মতো সাজিয়ে রাখলে হবে না যে উদ্দেশ্যে এটি তৈরি করা হয়েছে তার প্রতিফলন যেন ঘটে। উপযুক্ত রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা এবং নিয়মিত ইভেন্ট আয়োজন করতে হবে। তবেই এর উদ্দেশ্য সফল হবে।
সখিপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ আশরাফুল আলম বলেন, বর্তমান সরকার ক্রীড়া নিয়ে অনেক কাজ করছে, ছেলে-মেয়েদের খেলাধুলামুখি করতে সরকার কাজ করছে, স্টেডিয়ামটি যদি ভালোমানের স্টেডিয়াম হয় সেক্ষেত্রে এই অঞ্চলের ক্রীড়ার জন্য অনেক উপকার হবে। কাজের অনিয়ম প্রসঙ্গে তিনি বলেন, প্রথমত; তাদের কাজের মান ভালো ছিল না, আমি এটি পরিদর্শন করে ক্রীড়া পরিষদের কাছে চিঠি পাঠাই তারপরে তারা অনেক কাজ করেছে বলে শুনেছি। স্টেডিয়াম নির্মাণে যদি কেউ অনৈতিক সুবিধা নেওয়ার জন্য কাজে ফাঁকি দেয় অবশ্যই বিষয়টি উপজেলা প্রশাসন দেখবে তবে দুঃখজনক হলেও সত্য স্টেডিয়াম নির্মাণের পেছনে উপজেলা প্রশাসনের কোন প্রকার সম্পৃক্ততা নাই। শুধুমাত্র যখন তাদের কাজ শেষ হবে তখন উপজেলা প্রশাসন এটি বুঝে নেবে। যেহেতু কাজের ক্ষেত্রে আমাদের কোন সংশ্লিষ্টতা নাই সুতরাং এটি নির্মাণে স্বচ্ছতা নিশ্চিত করা আমাদের জন্য কঠিন।
স্টেডিয়াম নির্মাণে কাজের মান নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ মন্ত্রী এড. আহমেদ আযম খান আমার দেশকে বলেন, এই মিনি স্টেডিয়ামটি নির্মাণ কাজ শুরু হয়েছিল ফ্যাসিস্টদের সময় এ নিয়ে আমাদের কাছে এবং প্রশাসনের কারো কাছেই সুনির্দিষ্ট তথ্য নেই। এরপরে আমাদের সরকার আসার পর এই এলাকার সংসদ সদস্য নির্বাচিত হবার পর আমি এই মিনি স্টেডিয়াম পরিদর্শন করি এবং এর কাজ নিয়ে খুবই অসন্তোষ প্রকাশ করি। কাজের অনিয়ম গুলোর ব্যাপারে আমাকে জানানোর অনুরোধ করি কিন্তু ঠিকাদার আমার সাথে আজ অব্দি কোন যোগাযোগ করেনি। ঠিকাদার যোগাযোগ না করাতে এটার অথরিটি জাতীয় ক্রীড়া পরিষদের যে ইঞ্জিনিয়ার এটা দেখাশোনা করেন আমি তাকে ফোন করে বলেছি এখানে কাজে বেশ কিছু অনিয়ম ধরা পড়েছে আপনি এগুলো দেখুন ঠিকাদারকে বলার পরেও সে আমার সাথে দেখা করছে না বিষয়টি দেখবেন, আমাকে জানাবেন, তারপর বিল দিবেন তার আগে কিন্তু বিল দেবেন না। বিল দিলে সে চলে যাবে অনিয়মটা থেকেই যাবে এটা তো হতে পারেনা, এতে রাষ্ট্রের টাকা অপচয় হবে। এরপরে ওই ইঞ্জিনিয়ারও আর কোন ফিডব্যাক দেয়নি। ওই ঠিকাদারও আমার সাথে আর যোগাযোগ করেনি। আমি আপনার মাধ্যমে, আমার দেশ’-এর মাধ্যমে তীব্র খুব জানাই এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে নালিশ জানাই কেন ক্রীড়া পরিষদের ইঞ্জিনিয়ার ও ঠিকাদার কেউ আমার সাথে যোগাযোগ করছে না।
মন্ত্রী আরো বলেন, এখনো ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন জায়গায় রয়েছে, তারা কথা বললেও কথা শুনতে চায় না। আমি চিফ ইঞ্জিনিয়ার কে বললাম ঠিকাদারের সাথে কথা বলুন সরেজমিনে ঘুরে আমি অনিয়ম দেখেছি আপনিও দেখুন আমরা দুজনে সরেজমিনে গিয়ে দেখি এবং তাদের কাছে কৈফিয়ত চাই, এর আগে আপনি কোন বিল দেবেন না। আজ পর্যন্ত তিনিও আমার সাথে আর যোগাযোগ করেন নাই। প্রশাসনের ভেতরে এখনো ফ্যাসিবাদের দুসরা লুকিয়ে আছে আর তারা এই অনিয়মগুলো করছে তা না হলে আমি ওই এলাকার সংসদ সদস্য ও ক্যাবিনেট মন্ত্রী বলার পরেও তাদের কানে পানি ঢুকে নাই।
সখিপুর মিনি স্টেডিয়ামের নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান টেকনিক কর্পোরেশনের স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার সাকের হোসাইন নির্মাণ কাজের অনিয়ম প্রসঙ্গে বলেন, কাজ করার সময় ওনি (মুক্তিযুদ্ধ মন্ত্রী) হয়তো দেখতে আসেননি, আপনি এলাকার লোকজনকে জিজ্ঞাসা করলে জানতে পারবেন আমরা নিম্নমানের কাজ করেছি কি-না। আমরা সম্পূর্ণ পাথরের ঢালাই করেছি এবং মানসম্মত সিমেন্ট ব্যবহার করেছি ফলে নিম্নমানের কাজ হওয়ার সুযোগ থাকে না। এ বিষয়ে কেউ যদি মন্তব্য করে সেক্ষেত্রে আমার কিছু বলার নাই। আর মাঠের উপরের লেয়ারের বিষয়ে বলবো আপনাদের এলাকার মাটি হলো লাল মাটি, এগুলো কোনভাবেই আমরা ভাঙতে পারি নাই, আমরা রোলার মেশিন মেশিন নিয়ে প্রতিনিয়ত কাজ করেছি, লালমাটি বৃষ্টি হলে মোমের মত নরম হয়ে যায়, শুকনো অবস্থায় পাথরের মত শক্ত হয়ে যায়। এর জন্য কাজ করতে একটু টাইম লাগে কিন্তু টাইম তো দেওয়া হয় না, মাটির কারণেই মাঠ সমতল করা যায়নি, মাঠের পাশ থেকে মাটি কেটে মাঠে ফেলার বিষয়ে সাকের বলেন, বৃষ্টির কারণে অন্য জায়গা থেকে মাটি আনা যায় নাই মাঠের পাশ থেকে মাটি কেটে ছিল আমার লোক, যারা কাজটি করেছিল তারা কাজটি ঠিক করে নাই। তবে যে পরিমাণ মাটি কেটে নিয়েছিল তারচেয়ে বেশি মাটি ভরাট করে দেওয়া হয়েছে ।
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৫৩ |
| সূর্যোদয় | ভোর ৭:১১ |
| যোহর | দুপুর ১২:৪৩ |
| আছর | বিকাল ৩:৫১ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১৪ |
| এশা | রাত ৭:৩২ |