
কক্সবাজার, ১৫ নভেম্বর ২০২৬: ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় প্রস্তুতকৃত ‘ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল ব্যবস্থাপনা সিস্টেম (LARMS)’-এর পাইলটিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার (১৫ নভেম্বর ২০২৬) কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কক্সবাজার ও সিলেট জেলা প্রশাসনের যৌথ আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেন ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, “ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা, অনিয়ম এবং জনভোগান্তি দূর করতে সরকার ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় তৈরি ‘এলএআরএমএস’ সফটওয়্যারটি চালু হওয়ার ফলে ভূমি অধিগ্রহণ সংক্রান্ত আবেদন, যাচাই-বাছাই, ক্ষতিপূরণ নির্ধারণ ও অর্থ পরিশোধের প্রতিটি ধাপ সম্পূর্ণ স্বচ্ছ, দ্রুত ও জবাবদিহিমূলক হবে।”
প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আরও বলেন, “প্রাথমিকভাবে কক্সবাজার ও সিলেট জেলায় এই সিস্টেমের পাইলটিং কার্যক্রম শুরু করা হলো। এই দুই জেলার অভিজ্ঞতা ও কারিগরি ফলাফল বিশ্লেষণ করে খুব শীঘ্রই সারাদেশে এই সিস্টেমটি বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে জমির প্রকৃত মালিকগণ কোনো প্রকার মধ্যস্বত্বভোগী বা হয়রানি ছাড়াই ঘরে বসেই অনলাইনে তাঁদের ন্যায্য ক্ষতিপূরণের অর্থ ও সেবার সর্বশেষ অবস্থা জানতে পারবেন।”
বিশেষ অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ এমদাদুল হক চৌধুরী বলেন, আমাদের প্রচলিত ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল ব্যবস্থাপনায় অটোমেশন পদ্ধতি এতোদিন না থাকায় ভূমির মালিক ও দাপ্তরিক কার্যক্রমে নানা ভোগান্তির শিকার হতে হতো। তিনি বলেন, অটোমেশন পদ্ধতিতে মাত্র কয়েক দিনের মধ্যেই নির্ভুলভাবে ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে। তিনি বলেন, আপাতত পাইলটিং কার্যক্রমের মাধ্যমে কক্সবাজার ও সিলেট জেলায় ভূমি অধিগ্রহণ ও ভূমি হুকুম দখল ব্যবস্থাপনায় অটোমেশন প্রকল্পের আওতায় আনা হয়েছে, পরবর্তীতে পর্যায়ক্রমে সারাদেশে অটোমেশন এ ব্যবস্থা কার্যকর করা হবে।
কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আঃ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ এমদাদুল হক চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মোঃ পারভেজ হাসান, বিপিএএ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কক্সবাজার ও সিলেট জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ভূমি অধিগ্রহণ শাখার সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রকল্পের কারিগরি বিশেষজ্ঞ দল এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৫৫ |
| সূর্যোদয় | ভোর ৭:১৩ |
| যোহর | দুপুর ১২:৪৩ |
| আছর | বিকাল ৩:৫১ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১৩ |
| এশা | রাত ৭:৩১ |